শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

১৫ ঘণ্টা পর কিশোরগঞ্জ-ঢাকা রেলযোগাযোগ স্বাভাবিক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩ ৬:৩৬ am

কিশোরগঞ্জের গচিহাটা স্টেশনে লাইনচ্যুত হওয়া একটি ট্রেনের ইঞ্জিন ও তিনটি বগির উদ্ধার কাজ শেষে হয়েছে। এতে প্রায় ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর কিশোরগঞ্জ-ঢাকা রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

রোববার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উদ্ধার কাজ শেষ হয়। কিশোরগঞ্জ রেলস্টেশন মাস্টার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে শনিবার রাত ১০টার দিকে ময়মনসিংহের ঈশ্বরদী ও ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রায় ১৫ ঘণ্টা পর উদ্ধার কাজ শেষ হয়।

মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার কারণে দীর্ঘ সময় রেলযোগাযোগ বন্ধ ছিল। ফলে ময়মনসিংহের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি সরারচর স্টেশনে নিয়ে ইঞ্জিন ঘুরিয়ে রাতেই চট্টগ্রামের দিকে যাত্রা করে।

‘আর এগারসিন্দুর প্রভাতী ট্রেনটি ঢাকা থেকে এসে কটিয়াদি উপজেলার মানিকখালী স্টেশন রাতে যাত্রাবিরতি করে। সকালে সেখান থেকে ঢাকা উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়া, দুর্ঘটনাকবলিত কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বিকেল ৪টায় কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। বর্তমানে ট্রেনটি কিশোরগঞ্জ স্টেশনে অবস্থান করছে।’ যোগ করেন তিনি।

উল্লেখ্য, শনিবার (২৫ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে গচিহাটা স্টেশনে প্রবেশের সময় কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি পয়েন্ট ভুলে দাঁড়িয়ে থাকা ময়মনসিংহের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনের লাইনে উঠে যায়। তখন চালক দ্রুত ব্রেক করলে কিশোরগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হয়।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD