মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

হৃদয়-জাকেরের ফিফটি, বাংলাদেশের দেড়শ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ১২:২২ অপরাহ্ণ

৩৫ রান তুলতেই টপ অর্ডারের ৫ ব্যাটারকে হারিয়েছিল বাংলাদেশ। দলের এমন বিপর্যয়ে হাল ধরেছেন জাকের আলি ও তাওহিদ হৃদয়। এই দুজনে মিলে ষষ্ঠ উইকেট জুটিতে ইতোমধ্যেই অবিচ্ছিন্ন থেকে ১১৬ রান যোগ করেছেন। তাদের ব্যাটে ভর করেই দেড়শ ছুঁয়ে এগোচ্ছে দল।

ইতোমধ্যেই ব্যক্তিগত ফিফটি স্পর্শ করেছেন দুজনেই। ৮৭ বলে এই মাইলফলক ছুঁয়েছেন জাকের, আর হৃদয়ের খেলতে হয়েছে ৮৫ বল। দুজনেই শুরুতে বেশ ধীরগতির ব্যাটিং করেছেন। তবে থিতু হওয়ার পর গিয়ার পরিবর্তনের চেষ্টা করছেন।

৩৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৫১ রান। ৬১ রান নিয়ে উইকেটে আছেন তাওহিদ হৃদয়। অপর অপরাজিত ব্যাটার জাকের আলির সংগ্রহ ৫৫ রান।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম ওভারেই সৌম্য সরকারকে হারায় টাইগাররা। ইনফর্ম এই ব্যাটার ৫ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। মোহাম্মদ শামির করা ওভারের শেষ বলটি অফ স্টাম্পের বেশ খানিকটা বাইরে ছিল। সেখানে জায়গায় দাঁড়িয়ে ড্রাইভ করতে গিয়ে টাইমিং করতে পারেননি। ব্যাটের ভেতরের দিকের কানায় লেগে বল জমা পড়ে উইকেটরক্ষক লোকেশ রাহুলের গ্লাভসে।

প্রথম ওভারেই উইকেট হারানো বাংলাদেশ তাকিয়ে ছিল তিনে নামা শান্তর দিকে। তবে হতাশ করেছেন অধিনায়ক। সৌম্যের পথ ধরেই ডাক খেয়ে সাজঘরে ফিরেছেন তিনি। ইনিংসের দ্বিতীয় ওভারের বোলিংয়ে এসেই সাফল্য পেয়েছেন হারষিত রানাও। চতুর্থ বলটি আউটসুইং করেছিলেন এই পেসার, সেখানে কভার ড্রাইভ করতে গিয়ে শর্ট কভারে বিরাট কোহলির হাতে ধরা পড়েন শান্ত।

২ রানে ২ উইকেট হারানোর পর মেহেদি হাসান মিরাজকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করছিলেন তানজিদ তামিম। তবে চারে নেমে সুবিধা করতে পারলেন না মিরাজ। শামির করা সপ্তম ওভারের দ্বিতীয় বলটি ছিল আউটসুইংয়ার। অফ স্টাম্পের বেশ খানিকটা বাইরের বলে কাট করতে গিয়ে স্লিপে শুবমান গিলের হাতে ধরা পড়েছেন মিরাজ। সাজঘরে ফেরার আগে ১০ বলে ৫ রান করেছেন তিনি।

অষ্টম ওভারে প্রথমবারের মতো স্পিন আক্রমণে যান রোহিত শর্মা। অক্ষর প্যাটেলের করা ওভারের দ্বিতীয় বলটি অফ স্টাম্পের বাইরে পড়ে সামান্য টার্ন করে বের হয়ে যাওয়ার সময় ড্রাইভ করতে যান তামিম। টাইমিং না হওয়ায় ব্যাটের কানা ছুঁয়ে রাহুলের হাতে ধরা পড়েন। ২৫ বলে ২৫ রান করেছেন এই ওপেনার।

তামিমের বিদায়ের পর উইকেটে আসেন মুশফিকুর রহিম। অভিজ্ঞ এই ব্যাটারের কাঁধে তখন পাহাড়সম দায়িত্ব। তবে মুশফিক দায়িত্বহীনতার পরিচয় দিলেন। নিজের খেলা প্রথম বলেই ডিফেন্স করতে গিয়ে এজ হয়ে রাহুলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন। গোল্ডেন ডাক খেয়েছেন তিনি।

হ্যাটট্রিক বলটিও একই জায়গায় করেছিলেন অক্ষর। সেখানে মুশফিকের আউটের পুনরাবৃত্তি হতে পারতো আরেকবার। তবে রোহিত শর্মার কল্যাণে বেঁচে যান জাকের। তার ব্যাটের কানা ছুঁয়ে বল যায় প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা রোহিতের হাতে, সহজ ক্যাচ রাখতে পারেননি ভারত অধিনায়ক। ফলে হ্যাটট্রিক বঞ্চিত হন অক্ষর।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD