হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ। আকস্মিক এই ধর্মঘটের ফলে চরম দুর্ভোগের আশঙ্কায় পড়েছেন সাধারণ যাত্রীরা। শ্রমিক ও মালিকপক্ষের নানা দাবিদাওয়া নিয়ে দীর্ঘদিন ধরে চলা সংকটের সমাধান না হওয়ায় এই কঠোর কর্মসূচির পথ বেছে নিয়েছেন তারা।
বুধবার সকালে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পরিবহন খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং মালিক-শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য দীর্ঘদিন ধরে তারা সংশ্লিষ্ট মহলের কাছে দাবি জানিয়ে আসছিলেন, কিন্তু কোনো সুফল পাওয়া যায়নি।
তিনি গণমাধ্যমকে বলেন, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের বিরতিহীন এক্সিকিউটিভ ও বিভিন্ন বাস চলাচলে নানা ধরনের অযৌক্তিক বাধা ও হয়রানির শিকার হচ্ছেন সংশ্লিষ্টরা। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট বারবার ধর্ণা দিয়েও কোনো প্রতিকার মেলেনি। এমতাবস্থায় বাধ্য হয়েই পরিবহন মালিকরা এই অনির্দিষ্টকালের ধর্মঘটের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
এদিকে পরিবহন ধর্মঘটের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই হবিগঞ্জসহ আশপাশের তিন জেলার যাত্রীদের মধ্যে উৎকণ্ঠা শুরু হয়েছে। জরুরি প্রয়োজন মেটাতে সাধারণ মানুষ বিকল্প যাতায়াতের কথা চিন্তা করছেন। পরিবহন নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই ধর্মঘট সর্বাত্মকভাবে পালিত হবে এবং কোনো ধরনের যাত্রীবাহী বা মালবাহী গাড়ি চলতে দেওয়া হবে না।
আরববাংলা টিভি/ডেস্ক