নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি খড়বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকে থাকা সব খড় পুড়ে ছাই হয়ে গেলেও আল্লাহর রহমতে চালক ও হেলপার অক্ষত রয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক বাজার এলাকায় মদনপুর-গোলাকান্দাইল সড়কে এই রহস্যজনক অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে হঠাৎ করেই ট্রাকটিতে আগুন জ্বলতে দেখেন পথচারীরা। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন। তবে ততক্ষণে ট্রাকটির সমস্ত খড় সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনার পর এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এটি কোনো নাশকতা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ গুরুত্বের সাথে তদন্ত শুরু করেছে। সাম্প্রতিক সময়ে এ ধরনের সহিংসতার পেছনে কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দোসরদের হাত থাকতে পারে বলে স্থানীয় সচেতন মহল সন্দেহ প্রকাশ করেছে। পুলিশ জানিয়েছে, অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য জোর চেষ্টা চলছে।
আরববাংলা টিভি