শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর মাছঘাট এলাকায় পদ্মা নদীর তীররক্ষা বাঁধে প্রায় ৫০ মিটারজুড়ে ফাটল দেখা দিয়েছে। বুধবার ভোররাতে বাঁধের একটি অংশে ফাটল দেখা দেওয়ার পর সময়ের সঙ্গে তা আরো বিস্তৃত হচ্ছে। এতে নদীতীরবর্তী ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা জানান, হঠাৎ করে বাঁধের এই ধস ও ফাটলের কারণে নদীর পাড়ে থাকা ব্যবসা প্রতিষ্ঠানগুলো চরম ঝুঁকির মধ্যে পড়েছে। যেকোনো সময় বড় ধরনের বিপর্যয় ঘটে যেতে পারে এই আশঙ্কায় ব্যবসায়ীরা দ্রুত তাদের মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। নদী ভাঙন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ দাবি করেছেন স্থানীয় ক্ষতিগ্রস্ত মানুষেরা।
পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে আকস্মিক এই ফাটল এলাকার মানুষের মধ্যে দীর্ঘদিনের নদী ভাঙনের সেই পুরনো আতঙ্ককে আবার জাগিয়ে তুলেছে।
আরববাংলা টিভি/ডেস্ক