মনির হোসেন মোকাকে সভাপতি এবং জহির উদ্দিন জহিরকে সাধারণ সম্পাদক করে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা কৃষকদলের ৬ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) উপজেলার তালেবপুর মাঠে কৃষকদলের সমাবেশে উক্ত কমিটি ঘোষণা করা হয়। এদিন মানিকগঞ্জ জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল স্বাক্ষরিত অনুমোদন কমিটি প্রকাশ করা হয়।
কমিটির বাকি সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি দেওয়ান ফয়জুর রহমান বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন কহিনুর, রাসেল শাহ ও সাংগঠনিক সম্পাদক মোনেম আহমেদ বিপ্লব।
জানা যায়, মানিকগঞ্জ জেলা কৃষকদলের এক জরুরী সভায় এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।ওই সভায় নেতৃবৃন্দ পুরাতন কমিটিকে বিলুপ্ত করে নতুন পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন। পরবর্তীতে দ্বিতীয় যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রাসেল শাহকে যোগ করে শুক্রবার (১৭ জানুয়ারি) ৬ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করেন।
এ বিষয়ে নবগঠিত কমিটির সভাপতি মনির হোসেন মোকা বলেন, তালেবপুরে কৃষকদলের সমাবেশে মানিকগঞ্জ জেলা কৃষকদলের নেতৃবৃন্দ এই ৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করায় আমরা আনন্দিত। সিংগাইর উপজেলা কৃষকদলকে সুসংগঠিত করে উপজেলা বিএনপিকে শক্তিশালী করার লক্ষ্যে আগামীতে একটি সুন্দর, সাংগঠনিক ও একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি উপহার দিতে চাই।