সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

সিংগাইরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেনা কেউ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫ ৮:২৫ am

মানিকগঞ্জ প্রতিনিধ: মানিকগঞ্জের সিংগাইরে বৈধ ইটভাটার পাশাপাশি অনেকে কোন রকম কাগজপত্রের তোয়াক্কা না করেই অবৈধ ভাবেই চালিয়ে যাচ্ছে ইটভাটা। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করলে বেরিয়ে আসবে অনেক ইটভাটার তথ্য। অনেকের নেই ট্রেড লাইসেন্স, নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও। তবুও চলছে সেসব ভাটার কার্যক্রম, যেন দেখার কেউ নেই। ধারণা করা হচ্ছে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে চলছে এই সকল ইটভাটা। তথ্য প্রমাণ সহ স্থানীয় প্রশাসনকে অবগত করা হলেও এই সকল ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনীহা দেখা গেছে।

উপজেলার সায়েস্তা ইউনিয়নের বালিয়াডাঙ্গী গ্রামে চারিগ্রাম সাহরাইল রাস্তার পাশে শায়েস্তা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল আলিম এবং তার ভাই শায়েস্তা ইউনিয়নের বিতাড়িত চেয়ারম্যান ও শায়েস্তা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল হালিমের মালিকানাধীন ইটভাটাটির নাম AHM ব্রিক্স।  AHM নামে রয়েছে পাশাপাশি দুইটি ইটভাটা। দুইটি ভাটা কার্যক্রমই চালু রয়েছে। যদিও তারা দুইভাই গত ৫ আগষ্টের পর থেকে পালাতক রয়েছে। তবুও কোন এক অদৃশ্য শক্তির হস্তক্ষেপে চলছে তাদের ভাটা। অনুমোদনহীন ভাবে চলছে এই আওয়ামী লীগ নেতাদের  AHM ব্রিক্স। নেই ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স, নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও। আর প্রথমটি রাস্তা অতি সন্নিকটে হওয়ায় এলাকার পরিবেশ ব্যাপক হুমকির মুখে পরেছে। পাশেই ঘন বসতি হওয়ায় ইট ভাটার ধোঁয়ায় এলাকাবাসী স্বাস্থ্য ঝুঁকিতে পরেছেন। নিকটবর্তী গ্রামে বসবাসকারী লোকজন ভাটার ধুলা ও ধোঁয়ায় অতিষ্ঠ হয়ে পরেছেন। সর্দি, কাশি ও ফুসফুসজনতি রোগের প্রবণতা খুবই বেড়ে গেছে।

অনুসন্ধানে জানা যায়, শায়েস্তা পরিষদ থেকে ভাটা দুইটির কোন অনুমোদন নেই। তবে চারিগ্রাম ইউনিয়ন পরিষদে আব্দুল আলীমের নামে AHM ব্রিক্সের একটি ভাটার অনুমোদন (ট্রেড লাইসেন্স ২০২৪-২৫ অর্থবছর) রয়েছে। তবে রাস্তার পাশে যে ভাটাটি রয়েছে, পরিবেশের কথা চিন্তা করে সেটির কোন অনুমোদন দেননি ততকালীন ইউপি চেয়ারম্যান। আর ৫ আগষ্টের পর ইউনিয়ন পরিষদের দায়িত্বে রয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবিবুর রহমান। তিনিও AHM ব্রিক্সের নামে কোন ট্রেড লাইসেন্স ইস্যু করেননি বলে তার সাথে আলোচনার এক পর্যায়ে তিনি বিষয়টি স্বীকার করেছেন।

এবিষয়ে শায়েস্তা ইউনিয়নের বিতাড়িত চেয়ারম্যান ও শায়েস্তা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল হালিমের মোবাইলে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

অন্যদিকে AHM ব্রিকস সহ আরো কয়েকটি ভাটার তথ্য জানতে কথা হয় মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে।  AHM ব্রিক্সের নাম শুনেই কর্মকর্তারা জানান, AHM ব্রিক্সের দুইটি ভাটার অনুমোদন রয়েছে। অনুমোদনের নথি দেখতে চাইলে তারা তাদের ভুল স্বীকার করেন, বলেন, দুইটির নয় বরং AHM ব্রিক্সের একটি ভাটার ছাড়পত্র রয়েছে। এছাড়া সিংগাইরের সকল অনুমোদনহীন ইটভাটার তথ্য চাইলে তারা পরিবেশ অধিদপ্তর বরাবর লিখিত আবেদন করতে বলেন।

এবিষয়ে মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে আমরা সকল অবৈধ ভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করব।

মানিকগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মনোয়ার হোসেন মোল্লা বলেন, বৈধ উপায়ে ইটভাটা চালানোর অধিকার সবার রয়েছে। তবে অনুমোদনহীন অবৈধ ইটভাটারে বিরুদ্ধে আমি নিজে ব্যবস্থা গ্রহন করব।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD