সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও ছয় মাস সময় বাড়িয়ে দিয়েছেন হাইকোর্ট। দীর্ঘ ১৪ বছর ধরে দেশের অন্যতম আলোচিত এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তদন্তকারী সংস্থাগুলো। বারবার সময় বাড়িয়ে নেওয়ার পরও এই হত্যাকাণ্ডের প্রকৃত সত্য উন্মোচিত না হওয়ায় গণমাধ্যমকর্মীসহ দেশের সচেতন মহলে তীব্র ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে।
সাংবাদিক সমাজের দীর্ঘদিনের দাবি সত্ত্বেও বিচারহীনতার এই সংস্কৃতি অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে চরম আকার ধারণ করেছিল। তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর তৎকালীন সরকারের মন্ত্রী ও দায়িত্বশীল ব্যক্তিরা বিভিন্ন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছিলেন, যা মামলার তদন্তকে আরও দীর্ঘায়িত ও জটিল করে তোলে। সাগর-রুনি হত্যার বিচার নিশ্চিত করার দাবিতে দীর্ঘদিন ধরে দেশের সাংবাদিক সমাজ রাজপথে আন্দোলন চালিয়ে আসছে।
আদালত সূত্র জানায়, তদন্ত সংস্থা পিবিআই বা অন্য কোনো দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হওয়ায় নতুন করে এই সময় বাড়ানো হলো। তবে কবে নাগাদ এই মামলার মূল রহস্য উদ্ঘাটন হবে এবং প্রকৃত অপরাধীরা আইনের আওতায় আসবে, তা নিয়ে জনমনে রয়েছে নানা প্রশ্ন। সাংবাদিকরা আশা প্রকাশ করেছেন যে, বর্তমান বিচারব্যবস্থায় সব ধরনের রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে দ্রুত এই হত্যা মামলার সঠিক তদন্ত সম্পন্ন হবে এবং দোষীদের কঠোর শাস্তির মুখোমুখি করা হবে।
আরববাংলা টিভি/ডেস্ক