সরকারি সেবা প্রদান করতে গিয়ে সাধারণ জনগণকে কোনো ধরনের হয়রানি করা হলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সংরক্ষিত মহিলা আসন-৩৩৪-এর সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মা। রোববার ২৯ নভেম্বর দুপুরে বান্দরবানের লামা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুশিয়ারি দেন।
উপজেলা প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আয়োজিত ওই সভায় সংসদ সদস্য মাধবী মার্মা বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকারের মূল লক্ষ্য হলো জনগণের দোরগোড়ায় সহজে সরকারি সেবা পৌঁছে দেওয়া। কোনো সরকারি দপ্তরে সেবা নিতে গিয়ে সাধারণ মানুষ যেন দালাল চক্র কিংবা দীর্ঘসূত্রিতার শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের অধিকার নিশ্চিত করা এবং সুশাসন প্রতিষ্ঠা সরকারের অন্যতম প্রধান এজেন্ডা বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, অতীতে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে সরকারি সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণ ও চরম নৈরাজ্য সৃষ্টি করা হয়েছিল। জনগণের ট্যাক্সের টাকায় চলা প্রশাসনকে তখন জনগণের বিরুদ্ধেই ব্যবহার করা হতো। সেই দুর্দিন কাটিয়ে আজ দেশে একটি জনবান্ধব পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে। তাই কোনো কর্মকর্তা বা কর্মচারী যদি জনগণের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন কিংবা ফাইল আটকে রেখে দুর্নীতির আশ্রয় নেন, তবে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক এবং কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতবিনিময় সভায় লামা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। তারা সংসদ সদস্যের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং নিজ নিজ দপ্তরে সেবার মান বৃদ্ধির পাশাপাশি হয়রানিমুক্ত পরিবেশ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। স্থানীয় সাধারণ মানুষও এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করে আশা প্রকাশ করেছেন যে, এখন থেকে সরকারি সেবা পেতে তাদের আর কোনো দুর্ভোগ পোহাতে হবে না।
আরববাংলা টিভি