দেশের গুরুত্বপূর্ণ রেলস্টেশনসহ বাংলাদেশ রেলওয়ের সার্বিক নিরাপত্তা জোরদারে উপজেলা পর্যায় থেকে দুই হাজার আনসার ও ভিডিপি সদস্যকে রেলওয়ের নিরাপত্তায় সম্পৃক্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও রেলপথ মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে দেশের যোগাযোগ ব্যবস্থাকে আরও সুরক্ষিত করতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই বিশেষ উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো।
দীর্ঘদিন ধরে রেলওয়ের বিভিন্ন স্টেশনে নিরাপত্তা ঘাটতি এবং নানা ধরনের বিশৃঙ্খলার অভিযোগ পাওয়া যাচ্ছিল। বিশেষ করে ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরম দলীয়করণের কারণে সাধারণ মানুষের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছিল। এর বিরুদ্ধে বিভিন্ন সময় প্রতিবাদ জানিয়ে আসছে রাজনৈতিক দলগুলো। তবে বর্তমান প্রেক্ষাপটে জনগণের চলাচলের স্বাধীনতা ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত তৎপর রয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, রেলওয়ের মতো জনবহুল ও সংবেদনশীল খাতের নিরাপত্তা নিশ্চিত করতে এই দুই হাজার আনসার সদস্যের উপস্থিতি অপরাধমূলক কর্মকাণ্ড কমাতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে। দেশের প্রান্তিক পর্যায় থেকে শুরু করে প্রধান প্রধান জংশনগুলোতে এই অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েনের ফলে নাশকতা ও বিশৃঙ্খলা রোধ করা সহজ হবে। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, পর্যায়ক্রমে নিরাপত্তার পরিধি আরও বাড়ানো হবে এবং যাত্রীদের সেবার মান উন্নত করতে সরকার বদ্ধপরিকর।
আরববাংলা টিভি