রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
নিহত ওই শিক্ষার্থীর নাম আজমুদা আক্তার (রুমু)। তিনি বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের (২০২১-২২ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি নিলফামারী জেলার পুটিমারী ইউনিয়নের ভেরভেরী গ্রামে।
জানা যায়, শনিবার (৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নীলফামারীর জলঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি বাস এবং রংপুরের পাগলাপীর থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি অটোরিকশা খলেয়া গঞ্জিপুরের চেয়ারম্যান মোড় এলাকায় আসলে দুই যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় স্থানীয় লোকজন রুমুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে, হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।
এ ঘটনায় শোক প্রকাশ করে ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন বলেন, আজকে সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমাদের শিক্ষার্থী আজমুদা আক্তার রুমু মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় আমরা সবাই মর্মাহত। বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আমরা শোক প্রকাশ করছি এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
উল্লেখ্য, এই দুর্ঘটনায় সিএনজির আরও দুইজন যাত্রী প্রাণ হারিয়েছেন এবং বাস ও সিএনজি মিলিয়ে গুরুতর আহত পাঁচ জন ব্যক্তি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।