বাংলাদেশের শিক্ষা ও কারিগরি খাতে চীনের সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার মন্ত্রণালয়ের অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।
সাক্ষাতে চীনা প্রতিনিধিদল শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন। মন্ত্রী বাংলাদেশের শিক্ষা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের অব্যাহত সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
মন্ত্রী বলেন, দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা গেলে বাংলাদেশকে আরও উন্নত পর্যায়ে নেওয়া সম্ভব হবে। এ লক্ষ্য অর্জনে সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বা টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন (টিভিইটি) খাতের ওপর গুরুত্ব দিয়ে কাজ করছে।
তিনি বলেন, বর্তমান প্রজন্মকে দক্ষ ও বৈশ্বিক মানের মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে চীনের সঙ্গে যৌথভাবে শিক্ষা ও কারিগরি খাতে সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে।
বৈঠকে দুই দেশের মধ্যে শিক্ষা খাতের মানোন্নয়ন ও কারিগরি শিক্ষার প্রসারে ভবিষ্যতে আরও নিবিড়ভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়।
এ সময় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া এবং বাংলাদেশে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং উপস্থিত ছিলেন।