২০০১ থেকে ২০০৬ মেয়াদের রেখে যাওয়া শিক্ষাব্যবস্থাকে বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে পেছনের দিকে নিয়ে যাওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বিগত বছরগুলোতে শিক্ষা খাতকে ধ্বংস করার বহুমুখী চক্রান্ত করা হয়েছিল, যা থেকে উত্তরণে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
শিক্ষামন্ত্রী সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, আগামীর বিশ্বে নেতৃত্ব দেওয়ার জন্য দেশের তরুণ সমাজকে নিজেদের উপযুক্ত করে প্রস্তুত করতে হবে। বর্তমান সরকার প্রচলিত ধারার বাইরে গিয়ে যুগোপযোগী ও কারিগরি বা ভোকেশনাল শিক্ষায় বিশেষ গুরুত্ব দিচ্ছে। বিশ্ববাজারের চাহিদার সাথে তাল মিলিয়ে চলতে না পারলে আমাদের শিক্ষার্থীরা পিছিয়ে পড়বে।
তিনি আরও জানান, ২০২৭ সালে শিক্ষাব্যবস্থায় নতুন কারিকুলাম বাস্তবায়িত হতে যাচ্ছে এবং ২০২৮ সালের মধ্যে পুরো শিক্ষাব্যবস্থায় একটি ব্যাপক ও ইতিবাচক পরিবর্তন আসবে। এই পরিবর্তনের ফলে দেশের শিক্ষার্থীরা আরও বেশি দক্ষ, আত্মবিশ্বাসী এবং প্রতিযোগিতামূলক মানসিকতাসম্পন্ন হয়ে গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, বিগত কার্যকরভাবে নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষা ব্যবস্থার যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে বর্তমান সরকার বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে। সাধারণ শিক্ষার পাশাপাশি কর্মমুখী শিক্ষার প্রসারে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
আরববাংলা টিভি