জয় বাংলা স্লোগান দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলটির সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার মো. লুৎফর ফকির ও তার ছেলে মিরান ফকির। রোববার এই চাঞ্চল্যকর ঘটনাটি প্রকাশ পাওয়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
পদত্যাগকারী বাবা ও ছেলে গণমাধ্যমকে জানান, তারা ব্যক্তিগত ও আদর্শগত কারণে বিএনপি ছাড়ার এই সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘদিন ধরে দলটির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারা আর দলটির সঙ্গে থাকতে ইচ্ছুক নন। টুঙ্গিপাড়া উপজেলার স্থানীয় রাজনৈতিক মহলে এই পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই নানা ধরনের গুঞ্জন শুরু হয়েছে। বিশেষ করে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এই ধরনের আকস্মিক পদত্যাগ স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন সমীকরণের জন্ম দিয়েছে।
অন্যদিকে, স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, গোপালগঞ্জের মতো অঞ্চলে এই ধরনের ঘটনা প্রতীকী হলেও এর রাজনৈতিক তাৎপর্য রয়েছে। এর আগে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ সরকারের বিভিন্ন সময়ে এই অঞ্চলে একক আধিপত্য বজায় রাখলেও সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন এসেছে। স্থানীয় বিএনপি নেতারা এই পদত্যাগের বিষয়টিকে খুব বেশি গুরুত্ব না দিয়ে বলছেন, এটি তাদের দলীয় কার্যক্রমে কোনো প্রভাব ফেলবে না। তবে দলটির তৃণমূল পর্যায়ে এই ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।
আরববাংলা টিভি