চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্তে গুলিতে রোজিম (৩২) নামের এক যুবক নিহত হয়েছে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে সীমান্তের ২২৫ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, বিএসএফের গুলিতে রোজিম মারা গেছেন।
রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ও স্থানীয়রা জানায়, গোমস্তাপুরের নগরপাড়া গ্রামের আবুল কালামের ছেলে রোজিমসহ ৫/৬ জন যুবক শনিবার গভীর রাতে গরু আনতে সীমান্তে যায়। এসময় ভারতের মালদা জেলার ১৫৯ আরকে ওয়াদা বিএসএফ ক্যাম্পের জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে রোজিম মারা যায়। রোজিমের মরদেহ ভারতীয় অংশেই রয়েছে।
বিজিবির নওগাঁস্থ ১৬ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নোমান আল ফারুক জানান, স্থানীয়দের কাছ থেকে তারা সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনাটি শুনেছেন। ওই ব্যক্তির মরদেহ ভারতীয় অংশে রয়েছে। বিষয়টি নিয়ে খোঁজ নেওয়া হচ্ছে।