রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ পাইলট

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬ ১:৩৬ pm

দাবানলের আগুন নিয়ন্ত্রণে আকাশপথে অভিযান চালাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা।

যুক্তরাষ্ট্রের উটাহতে দাবানল মোকাবিলার সময় সিকোরস্কি স্কাইক্রেন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন।

শনিবার কর্মকর্তারা তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সেভিয়ার কাউন্টি শেরিফের মতে, শুক্রবার সকালে হেলিকপ্টারটি বিধ্বস্ত হলে দুই পাইলট নিহত হন। হেলিকপ্টারটি ফিশলেক ন্যাশনাল ফরেস্টের একটি আগুন মোকাবিলাকারী হেলিকপ্টারগুলোর মধ্যে ছিল।

কর্মকর্তারা পাইলটদের পরিচয় প্রকাশ করেননি। তবে তারা জানিয়েছেন, দুজনই হেলিকপ্টার ট্রান্সপোর্ট সার্ভিসেস-এর কর্মী ছিলেন। প্রতিষ্ঠানটি ইউএস ফরেস্ট সার্ভিসের সঙ্গে চুক্তিবদ্ধ ছিল।

দুর্ঘটনার পর নতুন একটি আগুনের সূত্রপাত হয়। পরে সেটি ছড়িয়ে গিয়ে বিদ্যমান দাবানলের সঙ্গে মিশে যায়। আগুনে এখন পর্যন্ত প্রায় ১৭৪ বর্গমাইল বা প্রায় ৪৫১ বর্গকিলোমিটার এলাকা পুড়ে গেছে।

প্রাথমিকভাবে কর্মকর্তারা জানিয়েছিলেন, আগুনের কারণে তারা দুর্ঘটনাস্থলে পৌঁছাতে পারছিলেন না। এরপর সেভিয়ার কাউন্টি শেরিফ ও করোনারের মতে, শনিবার উদ্ধারকারী দল ওই এলাকায় প্রবেশ করতে সক্ষম হয় এবং দুই পাইলটের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

শনিবার পর্যন্ত ওয়াইডমাউথ ২ নামের দাবানলটি ১ লাখ ১৪ হাজার ৬০০ একরের (৪৬ হাজার ৪০০ হেক্টর) বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে। এর ২৪ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। রাজ্যের তথ্য অনুযায়ী, শুক্রবারের শুরুর দিকে আগুনের বিস্তৃতি ছিল ১ লাখ ৫ হাজার একরের বেশি।

শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে রাজ্য কর্তৃপক্ষ জানায়, হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার ফলে নতুন করে আগুনের সূত্রপাত হয়েছে। দুর্ঘটনাস্থলটি আগুনের পরিধির মধ্যেই অবস্থিত।

ইউএস ফরেস্ট সার্ভিস শনিবার এক বিবৃতিতে লিখেছে, স্থলভাগের উদ্ধারকারী দলগুলো তাৎক্ষণিকভাবে সাড়া দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ছড়িয়ে পড়া আগুনের কারণে ঘটনাস্থলে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। কোনো নিরাপদ এলাকা না থাকায়, ইনসিডেন্ট ম্যানেজমেন্ট টিম এলাকাটি নিরাপদ বলে বিবেচিত না হওয়া পর্যন্ত জীবন ঝুঁকির মধ্যে না ফেলার সিদ্ধান্ত নিয়েছে।

ফেডারেল কর্মকর্তারা জনসাধারণকে দুর্ঘটনার প্রকৃতি নিয়ে অনুমান করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছিলেন। কারণ অনুসন্ধান ও উদ্ধারকারী দলগুলো আগুনের পরিস্থিতি নিরাপদ পর্যায়ে নেমে আসার জন্য অপেক্ষা করছিল।

শুক্রবার পর্যন্ত ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) তদন্তকারীরা সল্ট লেক সিটি থেকে প্রায় ১৬০ মাইল (২৫০ কিলোমিটার) দক্ষিণে অবস্থিত রিচফিল্ড শহরের দিকে রওনা হয়েছিলেন।

তারা দুর্ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হলে বিমানটি উদ্ধারের আগে ঘটনাস্থল নথিভুক্ত করবেন।

দুর্ঘটনার কারণ নির্ধারণ করতে এনটিএসবির সম্ভবত এক বছর বা তারও বেশি সময় লাগতে পারে।

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলো এবার মারাত্মক দাবানলের মৌসুমের মুখোমুখি হয়েছে। জুনে কলোরাডো-উটাহ সীমান্তে আগুন নেভানোর সময় তিনজন দমকলকর্মী মারা যান। জরুরি পরিস্থিতিতে আগুনে পুড়ে আহত হয়ে পরে আরও একজন দমকলকর্মী মারা যান।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD