নারীর ফাঁদে পড়ে গোয়েন্দা তথ্য ফাঁস করায় নিজেদের বিমানবাহিনীর এক পাইলটকে গ্রেপ্তার করেছে ভারত। ওই নারী পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সদস্য বলে ধারণা করছেন ভারতীয় গোয়েন্দারা।
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে শনিবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে জানিয়েছে, দুই মাস আগে ওই পাইলটকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে পাঠানো হয় জেলে। তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে অভিযোগে আনা হয়েছে।
গ্রেপ্তারের পর ওই পাইলট নিজের জামিনের জন্য কোনো আবেদন করেননি।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, বিমানবাহিনী কর্তৃপক্ষ ওই উইং কমান্ডারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে অবহিত করে। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে দিল্লির একটি আদালতের কাছে সোপর্দ করে। আদালত পরবর্তীতে তাকে তিহার কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিমানবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, চাকরিরত ওই পাইলটকে গত ৩০ মে গ্রেপ্তার করা হয়। ওই সময় বিমানবাহিনী জানতে পারে এক পাকিস্তানি নারী গোয়েন্দার হানিট্র্যাপে পড়েছেন তিনি।
তদন্তকারীরা ধারণা করছেন, এই পাইলট হয়ত পাকিস্তানের একটি বড় গোয়েন্দা নেটওয়ার্কের কবলে পড়েছেন।
পুলিশের একটি সূত্র বলেছেন, ওই পাইলটের সঙ্গে সামাজিক মাধ্যমে যোগাযোগ করেন ওই নারী। ওই সময় গ্রেপ্তার পাইলট মানসিকভাবে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। তিনি নারীর বার্তা পেয়ে এতে সাড়া দেন এবং বিভিন্ন সময় মেসেজ দেওয়া ও ভিডিও কলেও কথা বলেন। তখনই তিনি বিভিন্ন গোয়েন্দা তথ্য ফাঁস করেন।
যদিও কি ধরনের তথ্য ফাঁস করা হয়েছে সেটি উল্লেখ করা হয়নি। তবে তথ্যগুলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
ভারতীয় তদন্তকারীরা এখন একটি মোবাইল অ্যাপসের ব্যাপারে কাজ করছেন। গ্রেপ্তার ওই পাইলট তার এক সহকর্মীকে ওই অ্যাপসটি ইনস্টল করে দিতে বলেছিলেন। ধারণা করা হচ্ছে, ওই অ্যাপসের মাধ্যমে তার মোবাইলের অ্যাকসেস নিয়েছিল পাকিস্তানি গোয়েন্দা নেটওয়ার্কটি।
সূত্র: ইন্ডিয়া টুডে