শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

প্রকল্পের ধীর বাস্তবায়নই অর্থনৈতিক অগ্রগতির বাধা: অর্থ উপদেষ্টা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬ ১:০৯ pm

অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) নিম্ন বাস্তবায়ন হার এবং প্রকল্প বাস্তবায়নের ধীরগতি দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার ও সমৃদ্ধির পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ও সদর উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, বিগত সরকার দেশের উন্নয়ন ব্যবস্থাকে যে অবস্থায় রেখে গেছে, সেখান থেকে অর্থনীতিকে পুনরুদ্ধার ও পুনর্গঠন করে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে এডিপির নিম্ন বাস্তবায়ন হার। অধিকাংশ প্রকল্পই অত্যন্ত ধীরগতিতে বাস্তবায়িত হচ্ছে।

তিনি বলেন, প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়ায় প্রকল্প গ্রহণ, বাস্তবায়ন ও মূল্যায়নে বড় ধরনের বাধা তৈরি হয়েছে। এসব সমস্যা কাটিয়ে উঠতে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে ঢাকায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও বিভাগীয় প্রধানদের সঙ্গে সভা করা হয়েছে, যাতে প্রকল্প বাস্তবায়নের হার শতভাগের কাছাকাছি নেওয়া যায়।

রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, এ লক্ষ্য অর্জনে কেন্দ্রীয় পর্যায় থেকে প্রয়োজনীয় নির্দেশনা ও কাঠামোগত সংস্কারের পাশাপাশি ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে প্রকল্প বাস্তবায়নের গতি বাড়ানোর বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে।

তিনি আরও বলেন, স্থানীয় সংসদ সদস্যরা এলাকাভিত্তিক জনগণের চাহিদা যেভাবে অনুধাবন করেন, তার ভিত্তিতে জনস্বার্থে দ্রুত প্রকল্প বাস্তবায়নের ব্যবস্থা করা হবে। উন্নয়ন প্রকল্প প্রণয়নের ক্ষেত্রে সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় বাড়িয়ে জনগণের প্রয়োজন ও অধিকারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD