বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

মৃত ব্যারিস্টার মইনুলকে গ্রেপ্তার করতে বাসায় পুলিশ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জুলাই, ২০২৪ ৫:২১ পূর্বাহ্ণ

প্রয়াত সিনিয়র আইনজীবী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেপ্তার করতে তার বারিধারার বাসায় গিয়েছিল পুলিশ। গতকাল সোমবার দুপুরে একটি মামলার ওয়ারেন্ট নিয়ে কয়েকজন পুলিশ সদস্য বারিধারার ২২ দূতাবাস রোডের বাসায় যান। তবে এ সময় বাসায় ব্যারিস্টার মইনুলের পরিবারের কোনো সদস্য ছিলেন না।

পরে পুলিশ সদস্যরা বাড়ির কর্মীদের কাছে ব্যারিস্টার মইনুলের অবস্থান জানতে চান। তারা পুলিশ সদস্যদের জানান, ব্যারিস্টার মইনুল মারা গেছেন। তখন পুলিশ সদস্যরা ডেথ সার্টিফিকেট দেখতে চান। ডেথ সার্টিফিকেট দেখানোর পর তারা চলে যান।

ব্যারিস্টার মইনুল হোসেনের ছেলে জাভেদ হোসেন এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, পরিবারসহ আমরা বিদেশে আছি। সোমবার বাবার বিরুদ্ধে জারি হওয়া একটি ওয়ারেন্ট নিয়ে পুলিশ বাসায় গিয়েছিল। বাসার কর্মীরা তাদের ডেথ সার্টিফিকেট দেখিয়েছে। পরে তারা চলে যায়।

কোন থানার পুলিশ সেখানে গিয়েছিল তা বাসার কর্মীরা জানাতে পারেনি বলে তিনি উল্লেখ করেন। তবে বারিধারার দূতাবাস রোডে অবস্থিত ব্যারিস্টার মইনুলের বাড়িটি গুলশান থানা এলাকায় অবস্থিত।

এ বিষয়ে জানতে ফোন করা হলে গুলশান থানার ওসি মাজহারুল ইসলাম সাড়া দেননি। তবে একটি গণমাধ্যমকে তিনি বলেছেন, এমন কোনো তথ্য আমার কাছে নেই। গুলশান থানা থেকে কেউ উনার বাসায় গেলে আমি অবশ্যই জানতাম।

গত বছরের ৯ ডিসেম্বর ব্যারিস্টার মইনুল হোসেন ইন্তেকাল করেন। তিনি দৈনিক ইত্তেফাকের সাবেক সম্পাদকমণ্ডলীর সভাপতি ছিলেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD