মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

ময়মনসিংহে ট্রেনে ডাকাতি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪ ১:৩৪ pm

নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া ঝাঞ্জাইল স্টেশন থেকে ছেড়ে আসা লোকাল ট্রেনে ডাকাতির ঘটনা ঘটেছে। ময়মনসিংহ রেলওয়ে জংশনে যাওয়ার পথে একটি বগিতে এ ডাকাতির ঘটনা ঘটে। রোববার (১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে শম্ভুগঞ্জ স্টেশন থেকে কেওয়াটখালী রেলওয়ে ব্রিজ এলাকার মধ্যে এ ঘটনা ঘটেছে।

যাত্রী ও রেলওয়ে পুলিশ সূত্র জানায়, নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া ঝাঞ্জাইল স্টেশন থেকে ময়মনসিংহ পর্যন্ত লোকাল ট্রেনটি নিয়মিত চলাচল করে। ট্রেনটি জারিয়া ট্রেন হিসেবেই পরিচিত। রোববার রাত ৯টার দিকে নগরের শম্ভুগঞ্জ এলাকায় ডাকাতের কবলে পড়ে ট্রেনটি। নগরের শম্ভুগঞ্জ রেলস্টেশন পার হয়ে রেল ব্রিজ উঠলে ট্রেনের গতি কিছুটা কমিয়ে দেওয়া হয় সব ট্রেনের। সে সুযোগ কাজে লাগিয়ে ১৫ থেকে ২০ জনের একটি ডাকাত দল ট্রেনের পেছনের বগিতে উঠে পড়ে। দলটি নিজেদের মুখে গামছা বেঁধে হাতে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ট্রেনের বগির যাত্রীদের জিম্মি করে। মেরে ফেলার ভয় দেখিয়ে যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন ও অন্যান্য জিনিসপত্র লুট করে নিয়ে যায়। পরে দ্রুত তারা চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নেমে পড়ে।

ময়মনসিংহ রেলওয়ে জংশনের জ্যেষ্ঠ স্টেশন অফিসার নাজমুল হক খান কালবেলাকে বলেন, জারিয়া ট্রেনটিতে ডাকাতির ঘটনা শুনেছি। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ কিছু জানায়নি।

ময়মনসিংহ রেলওয়ে এসআই খাইরুল ইসলাম বলেন, নেত্রকোনার জারিয়া থেকে ছেড়ে আসা ট্রেনটিতে ডাকাত দল তৎপরতা চালায়। সবার মুখ গামছা দিয়ে বাঁধা ছিল, হাতে চাকু-ছুরি ছিল। ভয় দেখিয়ে যাত্রীদের জিনিসপত্র নিয়ে যায় তারা। যাত্রীদের পক্ষ থেকে অভিযোগ দিতে বলা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছি।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD