চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল বা এনসিটি দীর্ঘ ১৫ বছরের জন্য একটি আন্তর্জাতিক মানসম্পন্ন টার্মিনাল অপারেটরের মাধ্যমে পরিচালনার প্রাথমিক বা নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও গতিশীল করা এবং বন্দরের কার্যক্ষমতা আন্তর্জাতিক মানে উন্নীত করার দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই গুরুত্বপূর্ণ প্রস্তাবটির অনুমোদন দেওয়া হয়। বর্তমান সরকারের অর্থনৈতিক নীতিমালার আওতায় বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং আধুনিক বন্দর ব্যবস্থাপনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বন্দরের সেবার মান বাড়ানোর ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। এর আগে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন সময় বন্দর পরিচালনার ক্ষেত্রে অভ্যন্তরীণ অব্যবস্থাপনা এবং দীর্ঘসূত্রিতার অভিযোগ উঠেছিল, যা এখন কার্যকরভাবে দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি ছিল এনসিটির ব্যবস্থাপনায় আধুনিকায়ন আনা। নতুন এই সিদ্ধান্তের ফলে চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অপারেটর নিয়োগের মাধ্যমে বন্দরের কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা আসবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।
আরববাংলা টিভি/ডেস্ক