ফেসবুকে পোস্ট দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগ থেকে গণহারে অব্যাহতি নিচ্ছেন শিক্ষার্থীরা। শুক্রবার (২ আগস্ট) থেকে তারা গণহারে এ অব্যহতি দেওয়া শুরু করেন বলে জানা গেছে।
এর আগে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় বাকৃবি ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী অব্যহতি দিয়েছিলেন।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে যারা বিভিন্ন হল, অনুষদ ও বিভাগের বিভিন্ন পর্যায়ে পদ নিয়ে শাখা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, তারা নিজেদের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে পোস্ট শেয়ার করে ছাত্রলীগের রাজনীতি থেকে অব্যাহতির ঘোষণা দিয়েছেন। এছাড়াও অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে ভবিষ্যতে সম্পৃক্ত না হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। অন্তত শতাধিক শিক্ষার্থী রাজনীতি থেকে অব্যাহতির ঘোষণা দিয়েছেন বলে বাকৃবি শাখা ছাত্রলীগের একাধিক সূত্র নিশ্চিত করেছে।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সূত্রে জানা যায়, নিজের বিবেকবোধ ও আত্ম-অনুশোচনা থেকে, দেশ ও দেশের মানুষের স্বার্থে, বর্তমান প্রেক্ষাপটে রাষ্ট্রব্যবস্থা, মা-বোন-ভাইদের ওপর হামলা ইত্যাদি বিবেচনায় নিয়ে তারা ছাত্রলীগের পরিচয় থেকে অব্যাহতি নিচ্ছেন।
অব্যাহতির ঘোষণা দিয়ে ভেটেরিনারি অনুষদের এক শিক্ষার্থী লেখেন, আমি ছোট থেকে ভাষা আন্দোলন, ছয় দফা, গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধের চেতনা নিজের মধ্যে ধারণ করে বড় হয়েছি। ছাত্রদের হাত ধরে ন্যায়ের পক্ষে অকাতরে প্রাণ দেওয়ার ব্যথা অনুভব করে বড় হয়েছি। আমি যে ছাত্র রাজনীতির স্বপ্ন দেখেছি, যে ছাত্র রাজনীতি চেয়েছি, সেটা নিতান্তই ছাত্রদের অধিকারের জন্য। বর্তমান পরিস্থিতিতে সংঘটিত ঘটনাগুলোর জন্য আমি অত্যন্ত লজ্জিত। আমি সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে ছিলাম, আছি এবং থাকবো। আমি ছাত্র রাজনীতির বাইরে থেকে মানুষের জন্য যতটুকু সাহায্য সহযোগিতা করা সম্ভব, করে যাবো। আজ থেকে, এ মুহূর্ত থেকে, সজ্ঞানে ও সুস্থ মস্তিষ্কে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ফজলুল হক হল ইউনিট থেকে অব্যাহতি নিচ্ছি।
শহিদ শামসুল হক হলের আরেক শিক্ষার্থী লেখেন, আমি বাকৃবি শাখা ছাত্রলীগের একজন সাধারণ কর্মী। এ পরিচয়ের চেয়ে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে পরিচয় দেওয়াটা গর্বের এবং গৌরবের। ছাত্র রাজনীতির এ সময়ে পেয়েছি সিনিয়রদের অকৃত্তিম ভালোবাসা, জুনিয়রদের সম্মান এবং বন্ধুদের সহযোগিতা, যা আমার স্মৃতিতে চির অম্লান। নিজের বিবেকবোধ ও আত্ম-অনুশোচনা থেকে, দেশ ও দেশের মানুষের স্বার্থে, বর্তমান প্রেক্ষাপটে রাষ্ট্র ব্যবস্থা, মা-বোন-ভাইদের ওপর হামলা- এ সব অবস্থা বিচার বিবেচনা করে আমি আমার ছাত্রলীগ কর্মী পরিচয় থেকে অব্যাহতি নিচ্ছি। যতদিন রাজনীতি করেছি সর্বোচ্চ সচ্ছতার সঙ্গে করার চেষ্টা করেছি। কখনো কোনো অন্যায়ের সঙ্গে ছিলাম না। সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার মাধ্যমে বর্তমানে ‘বাংলাদেশ ছাত্রলীগ’ তার ঐতিহ্য হারিয়ে কুলষিত।