ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ফ্যামিলি কার্ড দেওয়ার লোভ দেখিয়ে ছবি তোলার নাম করে এক গ্রামীণ নারীর স্বর্ণের দুল নিয়ে চম্পট দিয়েছে একটি প্রতারক চক্র। মঙ্গলবার বিকেলে উপজেলার সাচড়া ইউনিয়নের চর গঙ্গাপুর গ্রামে এই ন্যক্কারজনক প্রতারণার ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী নারীর নাম রোশনা বেগম (৪০)। তিনি চর গঙ্গাপুর গ্রামের মজিবল মোসলমানের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে সরকারি সহায়তা বা ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে একটি চক্র। তারই ধারাবাহিকতায় এই ঘটনা ঘটে।
ঘটনার দিন বিকেলে দুই প্রতারক রোশনা বেগমের বাড়িতে যায়। তারা নিজেদের সরকারি প্রকল্পের লোক পরিচয় দিয়ে জানায় যে, তাকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এর জন্য ছবি তুলতে হবে। ছবি তোলার আনুষ্ঠানিকতার অজুহাতে তারা ওই নারীর কান থেকে স্বর্ণের দুল খুলে রাখতে বলে। সরল বিশ্বাসে রোশনা বেগম তার কানের দুল খুলে তাদের হাতে দেন। মুহূর্তের মধ্যেই সেই দুল নিয়ে প্রতারকরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে ওই নারী বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন। তার চিৎপুরে আশপাশের লোকজন ছুটে এলেও প্রতারকদের নাগাল পাওয়া যায়নি। খবর পেয়ে স্থানীয় গণমাধ্যমকে জানান ভুক্তভোগী পরিবার। এ ধরনের প্রতারক চক্রের হাত থেকে রক্ষা পেতে এবং জড়িতদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় এলাকাবাসী।
আরববাংলা টিভি/ডেস্ক