ফিলিস্তিনের পক্ষে প্রকাশ্যে অবস্থান নেয়ার কারণে এখনো সিনেমার কাজ হারাতে হচ্ছে বলে দাবি করেছেন অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী সুসান সারান্ডন। ৭৯ বছর বয়সী এই অভিনেত্রী জানান, বড় বড় চলচ্চিত্র স্টুডিও এখনো তাকে বয়কট করে চলেছে এবং তার কোনো কাজের সুযোগ দিচ্ছে না।
গত বছর গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে নিউ ইয়র্কে আয়োজিত এক ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নিয়েছিলেন সুসান সারান্ডন। সেখানে তিনি ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে জোরালো বক্তব্য রাখেন এবং যুদ্ধবিরতির দাবি জানান। এরপর থেকেই হলিউডের প্রভাবশালী মহলে তিনি এক প্রকার অপাঙক্তেয় হয়ে পড়েন।
গণমাধ্যমকে জানান, তার এই সাহসিকতার মূল্য তাকে পেশাগত জীবনে চুকাতে হচ্ছে। বড় বাজেটের কোনো সিনেমাতেই তাকে আর নেওয়া হচ্ছে না। এমনকি বহু বছরের পুরনো ব্যবসায়িক চুক্তিও একতরফাভাবে বাতিল করেছে অনেক প্রযোজনা প্রতিষ্ঠান।
তবে এই বয়কটের মুখেও নিজের অবস্থানে অনড় রয়েছেন সুসান সারান্ডন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মানবতার পক্ষে কথা বলা এবং ফিলিস্তিনের ন্যায়সঙ্গত অধিকারের সমর্থন জানানো তিনি থামাবেন না। চলচ্চিত্র জগতের এমন পক্ষপাতদুষ্ট আচরণের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, সত্য প্রকাশের মূল্য দিতে তিনি প্রস্তুত আছেন।
আরববাংলা টিভি/ডেস্ক