দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তুলে শিশু-কিশোর ও তরুণদের জন্য সুস্থ, সুন্দর ও ক্রীড়াবান্ধব পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে কমপক্ষে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশনা দিয়েছেন তিনি। দেশের তরুণ সমাজের মানসিক বিকাশ ও শারীরিক সুস্থতা নিশ্চিত করার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করে এই যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই নির্দেশ প্রদান করা হয়। বৈঠকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এ সময় বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই তৃণমূল পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যন্ত ক্রীড়া অবকাঠামো শক্তিশালী করার কাজ দ্রুত গতিতে এগিয়ে নিতে হবে।
বৈঠকে আরও জানানো হয়, মাঠ নির্মাণের জন্য খাস জমি কিংবা স্থানীয় প্রশাসনের আওতাধীন উপযুক্ত স্থান চিহ্নিত করার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসনকে এই নির্দেশ বাস্তবায়নে স্থানীয় জনপ্রতিনিধি এবং ক্রীড়াবিdদের সঙ্গে সমন্বয় করে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী দুই মাসের মধ্যে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হলে তা দেশের ক্রীড়া অঙ্গনে এক নতুন বিপ্লব ঘটাবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।
আরববাংলা টিভি/ডেস্ক