লবণ আমাদের দৈনন্দিন খাদ্যের অন্যতম অপরিহার্য উপাদান। এটি কেবল খাবারের স্বাদই বাড়ায় না বরং শরীরের তরলের ভারসাম্য এবং স্নায়ুর কার্যকারিতার মতো গুরুত্বপূর্ণ কাজ বজায় রাখতেও সাহায্য করে। যদিও আমাদের পরিবারগুলোতে সাদা লবণের ব্যবহার এখনও ব্যাপকভাবে প্রচলিত, তবে ধীরে ধীরে পিংক সল্টও জনপ্রিয়তা লাভ করছে। এই দুই লবণের মধ্যে স্বাস্থ্যের জন্য কোনটি আসলে বেশি ভালো, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে।
পুষ্টিবিদরা বলছেন, কেন আপনার সাধারণ লবণের পরিবর্তে পিংক সল্ট ব্যবহার করা উচিত নয়। তাদের মতে, যখন থেকে আমরা সাধারণ লবণের পরিবর্তে পিংক সল্ট ব্যবহার শুরু করেছি, তখন থেকেই থাইরয়েডের সমস্যা বেড়েছে। সাধারণ লবণে আয়োডিন থাকে, যা আমাদের থাইরয়েডের কার্যকারিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি গলগণ্ডের মতো আয়োডিনের অভাবজনিত রোগ প্রতিরোধ করতে সাহায্য করে।
এছাড়াও সাদা লবণে থাকা সোডিয়াম শরীরের তরলের ভারসাম্য বজায় রাখতে, স্নায়ুর কার্যকারিতাকে সহায়তা করতে এবং পেশীর সংকোচন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এটি পেশীর কার্যকারিতার জন্যও অপরিহার্য এবং পেশীর খিঁচুনি প্রতিরোধ করতে সাহায্য করতে পারে, বিশেষ করে যারা নিয়মিত ব্যায়াম করেন তাদের ক্ষেত্রে। পুষ্টিবিদরা রান্নার জন্য সাধারণ লবণ এবং সালাদের উপর ছিটিয়ে দেওয়ার জন্য পিংক সল্ট ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন, একটির পরিবর্তে অন্যটি ব্যবহার না করার কথা বলেন।
পিংক বনাম সাদা লবণ: কোনটি বেশি ভালো?
সাধারণ খাবার লবণ এবং পিংক সল্ট উভয়ই প্রধানত সোডিয়াম ক্লোরাইড, কিন্তু পিংক সল্টে ৮৪টি পর্যন্ত অতিরিক্ত খনিজ এবং ট্রেস এলিমেন্ট থাকে। এগুলোর মধ্যে পটাশিয়াম এবং ক্যালসিয়ামের মতো সাধারণ উপাদান থেকে শুরু করে স্ট্রনশিয়াম এবং মলিবডেনামের মতো কম পরিচিত উপাদানও রয়েছে।
হেলথলাইনের মতে, এগুলোর পরিমাণ এতটাই নগণ্য যে শুধুমাত্র আপনার দৈনিক পটাশিয়ামের চাহিদা মেটাতে প্রায় ১.৭ কেজি এই লবণ গ্রহণ করতে হবে। সংক্ষেপে বলতে গেলে, পিংক সল্টে অতিরিক্ত খনিজগুলো এত কম পরিমাণে থাকে যে এগুলো থেকে কোনো প্রকৃত স্বাস্থ্য উপকারিতা পাওয়ার সম্ভাবনা নেই।
অনেকে দাবি করেন যে পিংক সল্ট বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা প্রদান করে। বাস্তবে, এই দাবিগুলোর বেশিরভাগই গবেষণার দ্বারা সমর্থিত নয়। কিছু কথিত উপকারিতা আসলে সোডিয়াম ক্লোরাইডের সাধারণ কাজ, যা আপনি যেকোনো ধরনের লবণ থেকেই পেতে পারেন।
এত বিভ্রান্তিকর স্বাস্থ্য দাবির কারণে, কোন লবণটি বেছে নেবেন তা নিয়ে মানুষের বিভ্রান্ত হওয়াটা স্বাভাবিক। তবে, আপনি যদি সাধারণ খাবার লবণে থাকা অ্যাডিটিভগুলো এড়িয়ে চলতে চান, তাহলে পিংক সল্ট একটি ভালো প্রাকৃতিক বিকল্প হতে পারে।
মনে রাখবেন, সাধারণ খাবার লবণ আয়োডিনের একটি প্রধান উৎস। আপনি যদি পিঙ্ক সল্ট ব্যবহার শুরু করেন, তাহলে এর অভাব রোধ করতে আপনাকে সামুদ্রিক শৈবাল, দুগ্ধজাত খাবার এবং মাছের মতো অন্যান্য খাবার থেকে আয়োডিন গ্রহণ করতে হবে। পিঙ্ক সল্টের দামও সাধারণ লবণের চেয়ে বেশি হয়ে থাকে। যদি এতে কোনো সংযোজনী উপাদান নিয়ে আপনার আপত্তি না থাকে, তবে সাধারণ খাবার লবণই যথেষ্ট ভালো কাজ করে।