শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

ফ্লোর প্রাইস প্রত্যাহারের আহ্বান ডিবিএ’র

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬ ৪:৩৩ অপরাহ্ণ

দেশের পুঁজিবাজারে বিদ্যমান ফ্লোর প্রাইসের কারণে সৃষ্ট অচলাবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। বাজারে স্বাভাবিক লেনদেন পুনরুদ্ধারের লক্ষ্যে সংগঠনটি অবিলম্বে ফ্লোর প্রাইস প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।

সোমবার (৪ মে) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বরাবর এ বিষয়ে একটি চিঠি দিয়েছে ডিবিএ।

ডিবিএ’র প্রেসিডেন্ট সাইফুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, ফ্লোর প্রাইস আরোপের ফলে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো লিমিটেড দীর্ঘ সময় ধরে কার্যত লেনদেনবিহীন অবস্থায় রয়েছে।

এছাড়া ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি গত রোববার (৩ মে) ফ্লোর প্রাইসে অবস্থান করায় বিক্রেতাদের জন্য স্বাভাবিক লেনদেন কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

ডিবিএ আরও জানায়, দীর্ঘমেয়াদি ফ্লোর প্রাইস ব্যবস্থা মার্জিন ঋণ গ্রহণকারী বিনিয়োগকারীদের জন্য নেতিবাচক ইকুইটি ঝুঁকি বাড়াচ্ছে, যা বাজারের সামগ্রিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।

এছাড়া, এ ধরনের কৃত্রিম মূল্যসীমা আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের পুঁজিবাজার সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করছে বলেও ডিবিএ মনে করে।

এই প্রেক্ষাপটে, বাজারে স্বাভাবিক লেনদেন ফিরিয়ে আনতে ফ্লোর প্রাইস অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে ডিবিএ। একই সঙ্গে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা ও বাজারের গতিশীলতা ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD