সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

পঞ্চগড়ে অসুস্থ গরুর মাংস মাটিতে পুঁতে ধ্বংস

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ৮:৩৮ অপরাহ্ণ

পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের খালপাড়া এলাকায় অসুস্থ একটি গরু জবাইয়ের পর প্রায় চার মণ মাংস মাটিতে পুঁতে নষ্ট করেছে উপজেলা প্রাণিসম্পদ বিভাগ। চিকিৎসাধীন অবস্থায় গরুটিকে একাধিক ওষুধ ও অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল, যার ফলে মানবদেহের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় এই ব্যবস্থা নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, খালপাড়া এলাকার একটি গরুটি গত কয়েক দিন ধরে মারাত্মকভাবে অসুস্থ ছিল। স্থানীয় এক খামারি বা ব্যবসায়ী কোনো ধরনের নিয়ম নীতির তোয়াক্কা না করে চিকিৎসাধীন এবং ওষুধ সেবনরত অবস্থায় ওই গরুটি জবাই করেন। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে আসলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি জাতীয় জরুরি সেবা ও স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা। তারা সরেজমিন পরিদর্শন করে নিশ্চিত হন যে, গরুটিকে সুস্থ করার জন্য সম্প্রতি বিভিন্ন শক্তিশালী অ্যান্টিবায়োটিক ও ওষুধ প্রয়োগ করা হয়েছিল। নিয়মানুযায়ী এ ধরনের ওষুধের কার্যকারিতা শরীরে থাকা অবস্থায় সেই পশুর মাংস মানুষের খাদ্য হিসেবে গ্রহণ করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং মারাত্মক স্বাস্থ্যঝুঁকিপূর্ণ।

জনস্বার্থের বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রাণিসম্পদ বিভাগের উপস্থিতিতে জবাইকৃত প্রায় চার মণ মাংস মাটিতে গভীর গর্ত করে পুঁতে নষ্ট করা হয়। প্রশাসনের এমন সময়োপযোগী পদক্ষেপে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের জনস্বাস্থ্যবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সবার প্রতি কঠোর হুশিয়ারি উচ্চারণ করা হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD