শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

নৌকার কর্মীদের উপর হামলার প্রতিবাদে মমতাজ বেগমের পথসভা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪ ৯:৫৩ পূর্বাহ্ণ

জসিম উদ্দিন সরকার, সিঙ্গাইর, মানিকগঞ্জ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মানিকগঞ্জ-২ আসনে নৌকার নেতা-কর্মীদের উপর হামলার প্রতিবাদে পথসভা করেছেন সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সাংসদ ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম।

শুক্রবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত মানিকগঞ্জের সিঙ্গাইর ও হরিরামপুর উপজেলার বিভিন্ন জায়গায় এ পথসভা করেন নৌকা নিয়ে পরাজিত হওয়া সাবেক এই সাংসদ। একই আসনের আরেক পরাজিত প্রার্থী সিঙ্গাইর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নানও পথসভায় উপস্থিত ছিলেন।

পথসভায় বক্তারা নির্বাচনের পর মানিকগঞ্জ-২ আসনের বিভিন্ন এলাকায় নৌকা মার্কার কর্মীদের উপর হামলার তীব্র নিন্দা জানান।

পথসভায় মমতাজ বেগম বলেন, নির্বাচনে ট্রাক প্রতীক নিয়ে বিজয়ী হওয়া দেওয়ান জাহিদ আহম্মেদ টুলুর নেতা-কর্মীরা নৌকার নেতা-কর্মীদের উপর হামলা, বাড়িতে লুটপাট, ভাঙ্গচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এ হামলার ঘটনা বন্ধ না করলে জেলা-উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা এক হয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো বলেন, টাকার বিনিময়ে ট্রাক প্রতীকের বিজয়ী নেতা আওয়ামী লীগের কিছু নেতা ও জামায়াত বিএনপির ভোট কিনে নিয়ে মাত্র কিছু ভোটের ব্যবধানে বিজয় হয়েছে। আমরা নৌকা নিয়ে এই অঞ্চলে টাকার কাছে হেরেছি। কিন্তু ওরা টাকার বিনিময়ে আওয়ামী লীগের ভোট কিনতে পারে নাই।

পথসভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, পৌর মেয়র আবু নাঈম মোঃ বাশারসহ জেলা-উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD