নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জমিদার হাট এলাকা থেকে প্রেমিকা তাছু আক্তারসহ অপহৃত হয়েছেন হাসিবুল ইসলাম রাসেল নামের এক তরুণ। অপহৃত রাসেলের বয়স ১৮ বছর। ঘটনার চার দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কোনো সন্ধান লাভ করতে পারেনি। এ ঘটনায় নিখোঁজ রাসেলের ভাই ওমর ফারুক বাদী হয়ে ফাহিমসহ চারজনকে আসামি করে একটি অপহৃত মামলা দায়ের করেছেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে জমিদার হাট এলাকা থেকে অত্যন্ত রহস্যজনকভাবে ওই তরুণ ও তরুণীকে অপহরণ করা হয়। ঘটনার পর থেকেই তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। চার দিন ধরে প্রিয়জনদের কোনো সন্ধান না পেয়ে চরম উৎকণ্ঠা ও উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন নিখোঁজ রাসেলের পরিবার। ঘটনার দিন দুপুরে বিষয়টি টের পাওয়ার পর থেকেই সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। তবে কোথাও তাদের কোনো হদিস মেলেনি।
এ বিষয়ে স্থানীয় গণমাধ্যমকে জানান ওমর ফারুক। তিনি বলেন, আমার ভাইকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে। চার দিন হয়ে গেল আমরা কোনো খোঁজ পাচ্ছি না। আমরা প্রশাসনের কাছে দ্রুত আমার ভাই ও তার সঙ্গে থাকা তরুণীকে অক্ষত অবস্থায় উদ্ধারের জোর দাবি জানাচ্ছি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তরুণ ও তরুণীকে উদ্ধারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। আসামিদের গ্রেফতারেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। খুব দ্রুতই অপহৃতদের উদ্ধার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আরববাংলা টিভি