রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

নারায়ণগঞ্জে গণপিটুনিতে দুই ডাকাত নিহত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪ ৫:১২ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসীর গণপিটুনিতে ডাকাত দলের দুই সদস্য নিহত হয়েছে। এ সময় আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার আরও দুইজনকে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

রোববার (১৭ মার্চ) দিবাগত মধ্যরাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের বাগরী গ্রামে এ ঘটনা ঘটে। তবে নিহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। আহতরা হলেন- আড়াইহাজারের মাহমুদ ও সোনারগাঁয়ের জাকির হোসেন। সোনারগাঁ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মহসিন মিয়া বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার দিবাগত রাত ১টার দিকে বাগরী গ্রামের বিলের পাড়ে আট থেকে দশজনের একটি দল ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছিল। এ সময় স্থানীয় কয়েকজন তাদের দেখতে পেয়ে ছুটে গিয়ে গ্রামবাসীকে খবর দেয়। পরে মসজিদের মাইকে ডাকাত বলে ঘোষণা দিলে গ্রামবাসী তাদের চারদিক থেকে ঘিরে ফেলে।

এ সময় ডাকাতরা পালানোর চেষ্টা করলে স্থানীয়রা দুইজনকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই মারা যায়। অন্যরা পালিয়ে বিলে ঝাপ দেয়। পরে বিল থেকে উঠিয়ে আরও দুই ডাকাতকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

সোনারগাঁ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মহসিন মিয়া জানান, নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ডাকাত দলের সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাগরী গ্রামে পুলিশ মোতায়েনের পাশাপাশি নিহতের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় আজ সোমবার সোনারগাঁ থানায় মামলা হবে বলে জানান তিনি।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD