নরসিংদীর অধিকাংশ ইউনিয়ন ভূমি অফিসে বহিরাগতদের দৌরাত্ম্য এবং ঘুস-দুর্নীতি যেন এক নিয়মে পরিণত হয়েছে। তহসিলদার ও কর্মচারীদের আত্মীয়স্বজন এবং দালাল চক্রের মাধ্যমে চলা এই অবৈধ লেনদেনে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ সেবাপ্রার্থীরা। মাঠপর্যায়ে সেবার মান বাড়াতে সরকারের নানা উদ্যোগ থাকলেও কতিপয় অসাধু কর্মকর্তার কারণে তা ব্যাহত হচ্ছে।
ভুক্তভোগীদের অভিযোগ, সরকার ভূমিসেবা দুর্নীতিমুক্ত করতে ডিজিটাল নামজারি ও নানা পদক্ষেপ নিলেও স্থানীয় পর্যায়ে তা সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে না। অফিসগুলোতে সরকারি কর্মচারীদের চেয়ে বহিরাগত ও দালালদের প্রভাব বেশি থাকে। ফলে প্রতিটি কাজের জন্য নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ প্রদান করতে বাধ্য হন সাধারণ মানুষ। অন্যথায় মাসের পর মাস ঘুরেও সাধারণ সেবা পাওয়া যায় না।
এ বিষয়ে সচেতন নাগরিক সমাজ ও স্থানীয়রা দ্রুত প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন। তারা মনে করেন, ভূমি অফিসগুলোকে সম্পূর্ণ দালালমুক্ত ও জবাবদিহির আওতায় আনতে না পারলে সাধারণ মানুষের দুর্ভোগ কমানো সম্ভব নয়। সংশ্লিষ্ট কতৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলে প্রত্যাশা ভুক্তভোগীদের।
আরববাংলা টিভি