জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপির কর্মসূচিতে যোগ দিতে নবীগঞ্জে হাজার হাজার নেতাকর্মী নিয়ে এক বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান অলির নেতৃত্বে এই শোডাউন অনুষ্ঠিত হয়।
আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় শক্তি প্রদর্শন এবং দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করার লক্ষে এই বর্ণাঢ্য শোডাউনের আয়োজন করা হয়। নবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা নির্ধারিত সময়ে এসে জমায়েত হন। পরে অলিউর রহমান অলির নেতৃত্বে একটি সুশৃঙ্খল বিশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে বিভিন্ন স্লোগান দেন। শোডাউন শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এবং স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের বিজয়ী করতে সকল ভেদাভেদ ভুলে নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানানো হয়।
উক্ত সমাবেশে স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো শোডাউনকে কেন্দ্র করে নবীগঞ্জ উপজেলাজুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং সর্বস্তরের সাধারণ মানুষের মাঝেও ইতিবাচক সাড়া জাগায়।
আরববাংলা টিভি/ডেস্ক