ইরানের দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় শনিবার সন্ধ্যায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, হরমুজ প্রণালির কাছে অবস্থিত কেশম দ্বীপ এবং জাস্ক, সিরিক ও বন্দর আব্বাস শহরের বিভিন্ন স্থানে এই আকস্মিক বিস্ফোরণের ঘটনা ঘটে।
ইরানি গণমাধ্যম ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বিস্ফোরণের শব্দ শোনার পর পরই ওই অঞ্চলে নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তৎপর হয়ে ওঠে। তবে ঠিক কী কারণে এই বিস্ফোরণগুলো ঘটেছে এবং এর পেছনে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড বা সামরিক মহড়ার যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।
মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিতে অত্যন্ত সংবেদনশীল হিসেবে পরিচিত হরমুজ প্রণালির নিকটবর্তী এই অঞ্চলগুলোতে বিস্ফোরণের শব্দ ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক মহলেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে গণমাধ্যমকে জানান।
আরববাংলা টিভি/ডেস্ক