শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

দ্বিতীয় বিয়ের আগে গায়ে হলুদে নাচে-গানে মাতলেন মধুমিতা সরকার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ ৪:৫৬ পূর্বাহ্ণ

আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কলকাতার জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী মধুমিতা সরকার। দীর্ঘদিনের বন্ধু দেবমাল্যর সঙ্গে নতুন জীবনের পথে হাঁটতে যাচ্ছেন তিনি। বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগেই শুক্রবার বসেছিল তাঁর গায়ে হলুদের আসর, আর সেখানকার ছবি ও ভিডিও ইতিমধ্যেই নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রে।

গায়ে হলুদের অনুষ্ঠানে মধুমিতাকে দেখা যায় ঐতিহ্যবাহী হলুদ শাড়িতে। ফুলের গয়নায় সেজে সাদামাটা অথচ আকর্ষণীয় লুকে ধরা দেন তিনি। সাজে আড়ম্বর না থাকলেও আনন্দ আর উচ্ছ্বাসে ভরপুর ছিল পুরো অনুষ্ঠান। অনুষ্ঠানের একটি ভিডিওতে দেখা যায়, গায়ে হলুদ শেষে রোদচশমা পরে বন্ধুদের সঙ্গে জনপ্রিয় গান ‘কালা চশমা’-র তালে জমিয়ে নাচছেন অভিনেত্রী।

এর আগেই প্রেমিক দেবমাল্যর সঙ্গে বাগদানের ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছিলেন মধুমিতা। উল্লেখ্য, এটি তাঁর দ্বিতীয় বিয়ে। এর আগে মাত্র ১৮ বছর বয়সে অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি, যদিও সেই সম্পর্ক পরবর্তীতে বিচ্ছেদে গড়ায়।

বর্তমানে মধুমিতা সরকার অভিনয় করছেন জনপ্রিয় ধারাবাহিক ‘ভোলে বাবা পার কারেগা’-তে। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম ও বড় পর্দাতেও তাঁর উপস্থিতি দর্শকের কাছে পরিচিত।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD