দুধ দিয়ে গোসল করে কুমিল্লা দেবিদ্বারে এক আওয়ামী লীগ নেতা পদত্যাগ করেছেন। তিনি উপজেলার ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মাসুদ। একই সঙ্গে ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।
আজ শনিবার তার দুধ দিয়ে গোসল করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়েছে। দুই মিনিট ২৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, বাড়ির ছাদে বসে দুধ দিয়ে গোসল করছেন তিনি। তার মাথায় অন্য একজন দুধ ঢেলে সহযোগিতাও করেছেন।
যদিও এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তার বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে। এমন ভিডিও ক্লিপও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে।
এর আগে কামরুজ্জামান মাসুদ নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি বলেন, ‘আমি সব সময় চেয়েছি আমার এই ফতেহাবদ ইউনিয়নবাসীর পক্ষে থাকার। তারা আমাকে বিপুল ভোটের বিজয়ী করেছেন। দীর্ঘদিন আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থেকে মামলা-হামলা ছাড়া কিছুই পাইনি। সবকিছু থেকে বারবার বঞ্চিত হয়েছি।
কামরুজ্জামান মাসুদ আরও বলেন, ‘আমি এই ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলাম, কিন্তু তারা আমাকে দেয়নি। সব সময় নিজ দলের নেতা কর্মীদের হাতে হামলার শিকার হয়েছি। আমি স্বেচ্ছায় সজ্ঞানে ও অন্যের দ্বারা প্রভাবিত না হয়ে ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করলাম।’
এ বিষয়ে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি জনগণের ভোটে ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি দলীয় চেয়ারম্যান নয়। আমি কখনোই চাইনি ছাত্র-জনতার বিপক্ষে থাকার। গত ৪ আগস্ট দেবীদ্বার কি হবে তা আমি জানতাম না। আমাকে দলের সিনিয়র নেতৃবৃন্দ ভুল বুঝিয়ে বাড়ি থেকে নিয়ে গেছেন।’
ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ বলেন, ‘তারা আমাকে বলেছেন, যেসব ছাত্র-জনতা নিহত হয়েছেন তাদের প্রতি শোক প্রকাশ করতে দেবীদ্বার স্বাধীনতা চত্বরে শোক র্যালি ও শোক সভা করা হবে। এ জন্য গিয়েছি। আমি গিয়ে যখন দেখলাম ছাত্র-জনতার সঙ্গে সংঘর্ষ হচ্ছে। তখন আমি বাড়ি আসতে চেয়েছি। কিন্তু তারা আমাকে আসতে দেন নাই। আমি দুই গ্রুপের মাঝখানে পরে গিয়েছিলাম। পরে আমি জীবন বাঁচাতে সংঘর্ষকারীদের কথা শুনতে হয়েছে।’