শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫ ১০:১৩ am

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) এমবিবিএস কোর্সের অ্যাকাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (২১ জুন) অ্যাকাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (২২ জুন) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। শিক্ষার্থীদের রোববার দুপুর ১২টার মধ্যে হোস্টেল ত্যাগ করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে এরইমধ্যে কিছু কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় শিক্ষার্থীরা অনড় অবস্থানে রয়েছেন।

এদিকে, পরিত্যক্ত ঘোষণা করা সত্ত্বেও ছাত্রদের অসহযোগিতার কারণে ডা. ফজলে রাব্বি ছাত্রাবাসের ঝুঁকিপূর্ণ ৪র্থ তলা খালি করা সম্ভব হয়নি। এমনকি নতুন ব্যাচ K-82-এর শিক্ষার্থীরা তাদের অরিয়েন্টেশন প্রোগ্রাম বয়কট করেছেন, যা কলেজ কর্তৃপক্ষ ‘কালো অধ্যায়’ হিসেবে আখ্যায়িত করেছে।

এই অচলাবস্থায় অ্যাকাডেমিক পরিবেশ ব্যাহত হওয়ায় কাউন্সিল একমত হয় যে, সৃষ্ট পরিস্থিতি নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে কলেজের অ্যাকাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হচ্ছে।

তবে পেশাগত এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণকারী ও বিদেশি শিক্ষার্থীরা এ সিদ্ধান্তের আওতামুক্ত থাকবেন।

অ্যাকাডেমিক কাউন্সিল আশা প্রকাশ করেছে, শিক্ষার্থীদের সহযোগিতায় এ সংকট দ্রুতই কাটিয়ে ওঠা সম্ভব হবে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD