শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

টেকনাফে মানবপাচারের শিকার ১৭ জন উদ্ধার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৩৩ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে একটি বাড়িতে আটকে রাখা ১৭ জনকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। শুক্রবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ লম্বরী এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র দীর্ঘদিন ধরে টেকনাফের উপকূলীয় অঞ্চল ব্যবহার করে অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়ায় মানুষ পাচার করে আসছে। তারই ধারাবাহিকতায়, উন্নত জীবনের লোভ দেখিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আনা ১৭ জন ভুক্তভোগীকে দক্ষিণ লম্বরী এলাকার একটি নির্জন বাড়িতে আটকে রেখেছিল পাচারকারীরা।

গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫ এর একটি দল ওই বাড়িতে অতর্কিত অভিযান চালায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ঘর তল্লাশি করে নারী ও শিশুসহ মোট ১৭ জন ভাগ্যহত মানুষকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় জড়িত মানবপাচারকারী চক্রের মূল হোতাদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে বলে সাংবাদিকদের জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD