টাঙ্গাইলের বাসাইলে রাতের আঁধারে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় রহস্যজনকভাবে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে স্থানীয়দের তৎপরতা এবং দ্রুত পদক্ষেপের কারণে আগুন দ্রুত নিভিয়ে ফেলা সম্ভব হয়, ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা এড়ানো গেছে। আইনশৃঙ্খলা বাহিনী ও ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিক বাসাইল পৌরসভার স’মিল এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাতের নিস্তব্ধতার মধ্যে হঠাৎ ব্যাংকের ওই শাখা থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পান স্থানীয়রা। পরবর্তীতে তাদের তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ঘটনার বিষয়ে বাসাইল গ্রামীণ ব্যাংকের সিনিয়র অফিসার আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, রাতের বেলা এই আকস্মিক আগুন লাগার ঘটনায় ব্যাংকের ভেতর সামান্য কিছু জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হতে পারত, তবে আল্লাহর রহমতে স্থানীয়দের সহায়তায় বড় বিপদ এড়ানো গেছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।
আরববাংলা টিভি