বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে এসআই আহত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ৩:১৩ পূর্বাহ্ণ

গাজীপুরের টঙ্গীতে রাতের আঁধারে চিহ্নিত ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) হানিফ মাহমুদ। আইন-শৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের নিয়মিত টহল ও অভিয চলাকালে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে শাওন ও সাগর নামে দুই চিহ্নিত ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে টঙ্গী পশ্চিম থানার একটি দল এলাকাভিত্তিক অপরাধ দমনে বিশেষ অভিযানে নামে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, টঙ্গীর একটি অন্ধকার অলিগলিতে কয়েকজন সশস্ত্র ছিনতাইকারী অবস্থান নিয়েছে এবং তারা বড় ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছে। খবর পেয়ে এসআই হানিফ মাহমুদসহ পুলিশের একটি দল দ্রুত সেখানে উপস্থিত হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করলে এসআই হানিফ মাহমুদ সাহসিকতার সাথে তাদের ধাওয়া করেন। এ সময় ছিনতাইকারীরা হঠাৎ চড়াও হয়ে ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। সহকর্মী পুলিশ সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এই ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং চিরুনি অভিযান চালিয়ে মূল অভিযুক্ত শাওন ও সাগরকে আটক করা হয়। তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র ও কিছু আলামত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং পলাতক অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD