রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

জয়পুরহাটের ডিসিকে অপসারণে ছাত্রদলের আল্টিমেটাম

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ১:০৩ পূর্বাহ্ণ

জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকা এবং এক বক্তার বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট তীব্র হট্টগোলের ঘটনায় জেলা প্রশাসককে আগামী ৭২ ঘণ্টার মধ্যে অপসারণের কঠোর আল্টিমেটাম দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। এই অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, ঐতিহাসিক এই দিবসের মর্যাদা ক্ষুণ্ন করতেই পরিকল্পিতভাবে এমন ঔদ্ধত্য প্রদর্শন করা হয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

অনুষ্ঠানের আয়োজক ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সাংবাদিকদের জানানো হয়, নির্ধারিত আলোচনা সভায় মঞ্চের ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি রাখা হয়নি। বিষয়টি উপস্থিত নেতাকর্মীদের নজরে আসলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এর মধ্যেই এক বক্তার উসকানিমূলক বক্তব্যে পরিস্থিতি আরও বেশি উত্তপ্ত হয়ে ওঠে। প্রতিবাদে অনুষ্ঠানস্থলে হট্টগোল শুরু হলে সভা পণ্ড হয়ে যাওয়ার উপক্রম হয়। এই বিশৃঙ্খলার সম্পূর্ণ দায় জেলা প্রশাসনের ওপর চাপিয়েছেন ছাত্রনেতারা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে অবিলম্বে বর্তমান জেলা প্রশাসককে প্রত্যাহার করার দাবি জানানো হয়েছে। ছাত্রদলের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, নির্ধারিত ৭২ ঘণ্টার মধ্যে যদি সংশ্লিষ্ট প্রশাসনের বিরুদ্ধে দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করা না হয়, তবে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। অন্যদিকে,কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ অতীতে যেভাবে প্রশাসনের অপব্যবহার করেছে, বর্তমান প্রশাসনের কিছু কর্মকর্তার কর্মকাণ্ডেও তারই পুনরাবৃত্তি ঘটছে বলে অভিযোগ তুলেছে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD