মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

জবিতে হিযবুত তাহরীরের লিফলেট বিতরণকালে ঢাবি শিক্ষার্থী আটক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪ ৮:৫৮ পূর্বাহ্ণ

নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের লিফলেট বিতরণ ও শিক্ষকদের কক্ষে চিঠি বিতরণের সময় অনিক খন্দকার (২৪) নামে এক শিক্ষার্থীকে আটক করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। অনিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগে লিফলেট বিতরণকালে তাকে সন্দেহজনক আটক করেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মিরাজ হোসেন।

অনিকের সঙ্গে প্রচারণার কাজে অংশগ্রহণ করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও দুজন শিক্ষার্থী। কিন্তু আটককালে পালিয়ে যান তারা। অনিকের দেওয়া তথ্য অনুযায়ী, পালিয়ে যাওয়া ওই দুই শিক্ষার্থীর নাম সিফাত ও মুসাইব। তারা ঢাবির ফার্মেসি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

আটককালে অনিকের কাছে দেশে অরাজকতা ও নাশকতা সৃষ্টির লক্ষ্যে উস্কানিমূলক লিফলেট, পোস্টার ও কিছু শিক্ষকের নাম সংবলিত চিঠি পাওয়া যায়। এসব লিফলেট ও পোস্টারে দেশের আইনশৃঙ্খলাকে বিনষ্ট ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার কর্মপরিকল্পনা উল্লেখ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, আমাদের শান্তিপূর্ণ ক্যাম্পাসে অশান্তি সৃষ্টির লক্ষ্যে দেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন তাদের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা গ্রহণ করে। কিন্তু শিক্ষক-শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সতর্ক অবস্থানের কারণে তাদের সে পরিকল্পনা ব্যর্থ হয়েছে। ঢাবির আটক শিক্ষার্থীকে আমরা ইতোমধ্যে পুলিশের কাছে সোপর্দ করেছি। এখন আইন অনুযায়ী পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD