মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

চাঁদপুরে সরকারি বরাদ্দের ৮৩ বস্তা চাল উদ্ধার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪ ৭:৩২ পূর্বাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গর্ন্ধব্যপুর ইউনিয়নে অভিযান চালিয়ে সরকারি ৮৩ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ ও উপজেলা প্রশাসন। এ সময় চালের আরও আটটি খালি বস্তা উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৪ জুন) সন্ধ্যায় হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান ও হাজীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মিন্টু দত্ত গর্ন্ধব্যপুর ইউনিয়নের দেশগাঁও মাইজের বাড়ি ও আটিয়া বাড়িতে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান বলেন, অভিযানে ওই বাড়ির মমিনের বসতঘর থেকে ২২ বস্তা সরকারি চাল ও চালের আটটি খালি বস্তা এবং জাহাঙ্গীর আলমের বসতঘর থেকে ৬১ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। চাল উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ তদন্ত করার পর বিস্তারিত বলা যাবে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই চাল প্রধানমন্ত্রী দেওয়া উপহারের জিআর প্রকল্পের বরাদ্দ ছিল। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য জাহাঙ্গীর আলমের মেয়ে ও মমিনের জামাতাকে আটক করেছে।

অভিযানে ওই সময় পুলিশের একাধিক টিম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসাইন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD