কারাবন্দী সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডির সদস্যরা তাদের হাসপাতালে নিয়ে আসেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কারাবন্দী থাকা এসব হাইপ্রোফাইল ব্যক্তির শারীরিক অবস্থার নিয়মিত পর্যালোচনার অংশ হিসেবে এই স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হয়। চিকিৎসকদের একটি বিশেষ দল তাদের বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেন। এ সময় হাসপাতাল চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং কড়া নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়।
উল্লেখ্য, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের শাসনামলে বিভিন্ন অপরাধ ও দুর্নীতির অভিযোগে এসব প্রভাবশালী ব্যক্তি বর্তমানে আইনগত প্রক্রিয়ার মুখোমুখি হয়ে কারাগারে বন্দী জীবন কাটাচ্ছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয় বলে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
আরববাংলা টিভি/ডেস্ক