বাংলাদেশ সরকার শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন। মঙ্গলবার কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা মাহ্দী আমিন আরও বলেন, দেশের তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এবং একটি সুস্থ জাতি গঠন করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ক্রীড়া চর্চা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, ক্রীড়া সংগঠক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বর্ণাঢ্য এই আয়োজনে কুচকাওয়াজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা প্রদর্শন করা হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা খুদে অ্যাথলেটরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে বলে গণমাধ্যমকে জানান আয়োজকরা।
আরববাংলা টিভি/ডেস্ক