মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

খিলগাঁওয়ে যুবকের হাত–পা বাঁধা বস্তাবন্দী লাশ উদ্ধার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪ ৬:২৫ পূর্বাহ্ণ

রাজধানীর খিলগাঁওয়ে হাবিবুর রহমান রুবেল (৩৫) নামে এক যুবকের হাত–পা বাঁধা অবস্থায় বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ মে) সকাল সাড়ে সাতটার দিকে উত্তর গোড়ান আইসক্রিম ফ্যাক্টরি গলি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে লাশের ময়নাতদন্তের জন্য সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া। তিনি বলেন, সকাল সাড়ে সাতটার দিকে খবর পেয়ে উত্তর গোড়ান আইসক্রিম ফ্যাক্টরির গলিতে যাই। সেখানে একটি তোষক প্যাঁচানো অবস্থায় পাই। পরে সেটি খুলে দেখা যায় একটি বস্তার ভেতরে হাত-পা বাঁধা অবস্থায় হাবিবুর রহমান রুবেল নামে এক যুবকের মরদেহ। তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করছি তাকে পরিকল্পিতভাবে কেউ হত্যা করে বস্তার ভেতর ঢুকিয়ে রাস্তার পাশে ফেলে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, নিহত ওই ব্যক্তি মাদকাসক্ত ছিলেন, তার নামে কোনো মামলা আছে কি না খোঁজ নেওয়া হচ্ছে। এছাড়া যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। সবকিছু মাথায় নিয়েই তদন্ত করছি।

তিনি আরও বলেন, নিহত হাবিবুর রহমান এই এলাকার ভূইয়াপাড়া কমিশনার গলিতে থাকতেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD