জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব সুলতান মারুফ তালহা অভিযোগ করে বলেছেন, লালন আখড়াবাড়িতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় পুলিশের অসহযোগিতায় তারা মামলা করতে পারেননি। রাত ১২টার পর কুমারখালী থানা থেকে চলে আসতে বাধ্য হন তারা।
তিনি বলেন, ছাত্রদলের সংগ্রামসহ স্থানীয় কিছু নেতাকর্মী এই হামলার নেপথ্যে নেতৃত্ব দিয়েছেন। এই ঘটনার পর দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এনসিপির পক্ষ থেকে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারিও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিতে বিশৃঙ্খলা সৃষ্টির পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ মদদ দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসররা দেশজুড়ে নানা ধরনের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।
এদিকে স্থানীয় প্রশাসন জানিয়েছে, পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। লালন আখড়াবাড়ির সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত করার কাজ চলছে। খুব শীঘ্রই দোষীদের আইনের আওতায় আনা হবে বলে আশ্বস্ত করেছে পুলিশ প্রশাসন। তবে এনসিপি নেতাদের অভিযোগ, পুলিশের এমন গড়িমসি মূলত অপরাধীদের পক্ষেই যাচ্ছে।
আরববাংলা টিভি/ডেস্ক