বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

কুয়েটের হল থেকে ২১ শিক্ষার্থী বহিষ্কার, ৫০ জনের বিরুদ্ধে মামলা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪ ১২:৫৮ অপরাহ্ণ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) গত রোববার রাতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় ২১ জন শিক্ষার্থীকে লালন শাহ হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। হলের প্রভোস্ট ড. মো. আব্দুল হাফিজ মিয়া স্বাক্ষরিত এক আদেশে এই বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। এছাড়া ওই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে, সংঘর্ষ আহত শিক্ষার্থী তাহমিদুল হক ইশরাক মঙ্গলবার (১৬ জানুয়ারি) বাদী হয়ে মারধর ও জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগে কুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি রুদ্রনীল সিংহসহ ১২ জনের নাম উল্লেখ ও নাম না জানা অন্তত ৪০ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- সাফায়েত সাইমুম, নিলান খালেক পারাবার, আব্দুল্লাহ্ ইবনে জয়নাল, শাহরিয়ার ফেরদৌস ওশান, শাহনেওয়াজ পারভেজ শুভ, তৈয়ব ইযাসির নিলয়, জুনায়েত হক সরকার, জুবাইদুর হোসেন নাঈম, মো. সাব্বির হোসেন, মো. আদনান ইসলাম (শামস), তাহমিদুল হক ইশরাক, মিনহাজুর রহমান আবরার, ফজলে রাব্বি, সাদিক বিন ফারুক, আবির হাসান, মো. আবু বক্কর সিদ্দিক, অমিত কুমার ঘোস, অরিত্র দেবনাথ পৃথু, মেফতাউল মাহমুদ, সুদীপ্ত তালুকদার ও মিজানুর রহমান (মুহাসিন)।

কুয়েট সূত্র জানায়, ক্যাম্পাসে ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আগে থেকেই উত্তেজনা চলছিল। এর মধ্যে কুয়েট ছাত্রলীগ সভাপতি রুদ্রনীল সিংহসহ কয়েকজন শিক্ষার্থীকে লালন শাহ হল থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে। গত রোববার দিবাগত রাতে বাইরে থাকা শিক্ষার্থীরা হলে প্রবেশ করতে গেলে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে চার শিক্ষার্থী আহত হন। আহতরা হলেন- সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৫ ব্যাচের তাহমিদুল হক ইশরাক, সিভিল ১৮ ব্যাচের যোবায়ের হোসেন নাইম, মেকানিক্যাল ১৭ ব্যাচের সাফায়েত সাইমুম, ম্যাকাট্রোনিক ১৮ ব্যাচের নিলান খালেক পারাবার।

লালনশাহ হলের প্রভোস্ট ড. মো. আব্দুল হাফিজ মিয়া বলেন, কিছু ছাত্র হলের বাইরে ছিল। তারা রোববার রাতে লালন শাহ হলে উঠতে চাইলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় ২১ জন ছাত্রকে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়।

নগরীর খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, সংঘর্ষের ওই ঘটনায় আজ মঙ্গলবার আহত শিক্ষার্থী তাহমিদুল হক ইশরাক বাদী হয়ে কুয়েট শাখার ছাত্রলীগের সভাপতি রুদ্র নীল সিংহসহ ১২ জনের নাম উল্লেখ ও নাম না জানা আরও ৪০ জনকে আসামি করে মামলা করেছেন। মামলায় তিনি মারধর ও জীবননাশের হুমকির কথা উল্লেখ করেছেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD