সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

কুড়িগ্রামে আসামি ছিনতাই, ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫ ১০:০৫ am

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুই মাদক কারবারিকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। রোববার (৫ জানুয়ারি) রাতে উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের বাবুরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশের ছয় সদস্যকে থানা থেকে প্রত্যাহার করে কুড়িগ্রাম পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাবুরহাট বাজারে গ্রামের হাফিজুল ইসলাম ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিলেন। রোববার ভূরুঙ্গামারী থানা পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে ১ হাজার ৬২০টি ইয়াবাসহ ওই দম্পতিকে আটক করে। পরে চর ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের মধ্যস্থতায় ৩৫ হাজার টাকার বিনিময়ে হাফিজুলের স্ত্রীকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু পুলিশ টাকা নেওয়ার পর কাউকে ছেড়ে না দিয়ে স্বামী-স্ত্রী দুজনকেই পুলিশভ্যানে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে পুলিশের গাড়ি থেকে ওই দম্পতিকে ছিনিয়ে নেন।

তবে পুলিশ জানিয়েছে, টাকার বিনিময়ে কাউকে ছেড়ে দেওয়া বা টাকা লেনদেনের কোনো ঘটনা ঘটেনি। বরং পুলিশ অভিযানে মাদক কারবারী স্বামী-স্ত্রীকে আটক করে নিয়ে আসার সময় স্থানীয় বাসিন্দারা গাড়ি আটক করে তাদেরকে ছিনিয়ে নেন।

এ বিষয়ে জানতে চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইউপি সদস্য আসাদুল হকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সহকারী পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) মো. মাসুদ রানা জানান, রোববার ভূরুঙ্গামারীতে মাদক চোরাচালানের গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় ১৬২০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারীকে আটক করা হয়। পরে স্থানীয় বাসিন্দারা পুলিশের গাড়ি ঘেরাও করে আসামিদের ছিনিয়ে নেন। এ রকম একটি অসফল অভিযানের ব্যর্থতার দায়ে ভূরুঙ্গামারী থানার ৬ জন পুলিশ সদস্যকে রাতেই ক্লোজড করা হয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD