বাংলাদেশের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান এবং সেই উত্তাল সময়ের বাস্তব ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত অত্যন্ত আলোচিত ও অনুসন্ধানী প্রামাণ্যচিত্র ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’ মর্যাদাপূর্ণ ‘আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডস ২০২৬’-এ মনোনয়ন লাভ করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পূর্বাপর ঘটনা নিয়ে এই তথ্যচিত্রটি বিশ্বজুড়ে ব্যাপক প্রশংসিত হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট বা আই-ইউনিট এই প্রামাণ্যচিত্রটি তৈরি করেছে। অনুসন্ধানী এই তথ্যচিত্রটি আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসের অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ ‘কারেন্ট অ্যাফেয়ার্স’ বিভাগে স্থান করে নিয়েছে। এর মাধ্যমে জুলাই আন্দোলনের প্রকৃত চিত্র এবং ফ্যাসিস্ট সরকারের দমনপীড়নের ইতিহাস আন্তর্জাতিক অঙ্গনে আরও জোরালোভাবে উন্মোচিত হলো।
গণমাধ্যমকে জানানো হয়েছে যে, এই প্রামাণ্যচিত্রটিতে আন্দোলনের দিনগুলোর দুর্লভ দৃশ্য, ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য এবং তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির নিপুণ বিশ্লেষণ তুলে ধরা হয়েছে। জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ এবং জনতার নজিরবিহীন বিজয় এই কাজের মূল প্রেক্ষাপট হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে, যা আন্তর্জাতিক জুরি বোর্ডের নজর কাড়তে সক্ষম হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক